মির্জা ফখরুলসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক রুহুল আমিন ২২ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন। মামলার আসামি মির্জা ফখরুল চিকিৎসার জন্য বিদেশে থাকায় তাঁর আইনজীবীরা শুনানি মুলতবি চেয়ে আবেদন করেন।
২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে শাহবাগ থানা-পুলিশ এ মামলা করে। ওই বছরের ৩১ মে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
মির্জা ফখরুল ছাড়া অন্য আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, খোন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, রুহল কবীর রিজভী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ উল্লেখযোগ্য।
এ ছাড়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুল ইসলামসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে করা গাড়ি ভাঙচুরের মামলার শুনানিও হয়নি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানা-পুলিশ এ মামলা করেন। ওই মামলায় মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ বিএনপির ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।