মির্জা ফখরুলসহ ৩৬ জন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা আরেকটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে গতকাল সোমবার এই অভিযোগপত্র দেওয়া হয়।
রাজধানীর পল্টন থানার করা একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এনামুল হক।
গত সপ্তাহে নাশকতার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে এবং মির্জা আব্বাসসহ ৩৭ জনের বিরুদ্ধে পল্টন থানার একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানায় ওই মামলা করা হয়। ওই হামলায় দগ্ধ এক যাত্রী পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল পল্টন থানার মামলায় দেওয়া অভিযোগপত্রে আসামি হিসেবে নাম থাকা অন্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম, হাবিবুন নবী খান, সুলতান সালাউদ্দিন, আজিজুল বারী, শফিউল বারী ও আবদুল কাদের ভূঁইয়া।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর মোড় এবং চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, লাঠিসোঁটা, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান।