রাজধানীর পল্টন থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃত্বাধীন জোটের ৪৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার পল্টন থানার পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই দুটি অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ৩০ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
আদালত সূত্র বলেছে, মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে ৭৮টি মামলা রয়েছে। এর আগে ২৮টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
পল্টন থানার এই মামলায় অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য পলাতক আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা তাছলিম আজাহার, মকবুল আহম্মেদ ও মজিবুর রহমান, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন, চিকিৎসক নেতা জেড এম জাহিদ হোসেন, লোকমান হোসেন কবির, আলী রেজাউর রহমান, শহিদুল ইসলাম, লিয়ন হোসেন, ইমরান হোসেন ভূইয়া প্রমুখ।
অভিযোগপত্রভুক্ত মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, আমান উল্লাহ, শহীদ উদ্দিন চৌধুরী, হাবিব-উন-নবী খানসহ ১২ জন জামিনে আছেন। আর আন্দালিব রহমান ও জসীম উদ্দিনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করেছে পুলিশ।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর ২০-দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে পল্টন মোড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পল্টন থানার এএসআই আবদুল মালেক ওই থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।