মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর এ বিষয়ে শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

এ মামলায় আজ বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমানসহ ৪০ জন আদালতে উপস্থিত ছিলেন। মামলাটিতে মকবুল হোসেনসহ জামায়াতে ইসলামীর চার নেতা পলাতক। বাকি দুজনের পক্ষে সময়ের আবেদন করা হয়েছে।

২০১২ সালের ২৯ এপ্রিল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ৪৬ জনের বিরুদ্ধে তেজগাঁও থানার পুলিশ মামলা করে। গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে এ বছরের ২৫ মে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।