ভাঙচুর-অগ্নিসংযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮-দলীয় জোটের ৬৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ পৃথক ধারায় তাঁদের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করে।
মামলাটির তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম এ দুটি অভিযোগপত্র দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক হুমায়ুন কবির গতকাল প্রথম আলোকে জানান, ২০১২ সালের ৯ ডিসেম্বর পান্থপথে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ত্রাস সৃষ্টির অভিযোগে করা মামলায় এই দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য আজ মঙ্গলবার অভিযোগপত্র দুটি মহানগর হাকিমের আদালতে উপস্থাপন করা হবে। অভিযোগপত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ ৬৩ জনকে আসামি করা হয়েছে। মতিঝিল থানায় করা একটি মামলায় মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে গত ৯ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ।