মির্জা ফখরুলের এক জামিন আবেদন মঞ্জুর অন্যটি নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী সূত্রাপুর থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে একই আদালত মতিঝিল থানার মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহিরুল হক ওই আদেশ দেন। এ কারণে মির্জা ফখরুল ইসলাম কারাগার থেকে বের হতে পারছেন না। ৯ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে এ দুই মামলায় তাঁর জামিনের আবেদন করা হয়। বিএনপি নেতার আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহাবুব হোসেন আদালতকে বলেন, মির্জা ফখরুল ইসলামকে যে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এর কোনোটির এজাহারে তাঁর নাম নেই। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মির্জা ফখরুলের বাইপাস সার্জারি হয়েছে উল্লেখ করে আইনজীবীরা আদালতকে বলেন, তিনি অসুস্থ। তাই তাঁকে কারাগারে না রেখে জামিন দেওয়া হোক। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আবু এর বিরোধিতা করে বলেন, মির্জা ফখরুল অবরোধের সময় গাড়ি বের না করতে হুমকি দিয়েছিলেন। তাঁর উসকানি ও নির্দেশেই গাড়ি ভাঙচুর হয়েছে। সুতরাং তাঁকে জামিন দেওয়া উচিত হবে না। রাজধানীর পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় গত ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় হাইকোর্ট মির্জা ফখরুলকে জামিনে মুক্তির আদেশ দেন। এরপরই তাঁকে ওই দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।