মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ
১৮ দলের রাজপথ অবরোধ চলাকালে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন।পল্টন ও শেরেবাংলা নগর থানার পৃথক দুটি মামলায় ১১ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলামকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত ওই দিন রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ১৮ ডিসেম্বর ওই দুটি মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করেন ২৪ ডিসেম্বর। গতকাল শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে দেন।৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা রাজপথ অবরোধে গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় ৩৭টি মামলা হয়। সব মামলায় ফখরুল ইসলামকে আসামি দেখানো হয়েছে।