মির্জা ফখরুলের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাঁর আইনজীবীরা বলেছেন, এর ফলে মির্জা ফখরুলের কারাগার থেকে মুক্তি পেতে বাধা নেই।
মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, তার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার ‘নো অর্ডার’ দেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
আদেশের পর সগীর হোসেন প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ‘নো অর্ডার’ দেওয়ায় জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল থাকল। এর ফলে খুব শিগগির মির্জা ফখরুল কারাগার থেকে মুক্তি পাবেন।
গত ২৪ নভেম্বর পল্টন থানার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর গতকাল শুনানি হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে টানা কর্মসূচি ঘোষণা করে ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তারের নাশকতার অভিযোগে পল্টন থানার ছয়টি ও মতিঝিল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।