মির্জা ফখরুলের জামিন বিষয়ে আদেশ মঙ্গলবার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে রুলের ওপর আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। এ নিয়ে তৃতীয়বারের মতো আদেশের দিন ধার্য করা হল।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন পুনর্নির্ধারণ করেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
ফজলুর রহমান বলেন, ‘গতকাল ২২ নভেম্বর ফখরুলের জামিন বিষয়ে রুলের রায় ঘোষণার দিন ধার্য ছিল। আদালত মির্জা ফখরুলের মেডিকেল সম্পর্কিত একটি প্রতিবেদন (চিকিৎসা সনদ) জমা দিতে আমাদের বলেছিল। আজ আমরা আদালতে সেটি জমা দিয়েছি।’
রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির এই নেতা জামিন পাবেন কি না, সে বিষয়ে আদেশের জন্য প্রথম দফায় ১৬ নভেম্বর তারিখ ধার্য ছিল।
নাশকতার অভিযোগে করা ওই তিন মামলায় ৩ নভেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। কিন্তু আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানায় ছয়টি ও মতিঝিল থানায় একটি।