মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আদেশ আজ
নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে দেওয়া রুলের ওপর আদেশের জন্য আজ মঙ্গলবার পুনরায় দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার আদেশের জন্য দিন ধার্য ছিল। মির্জা ফখরুলের চিকিৎসাবিষয়ক প্রতিবেদন পেতে দেরি হওয়ায় আদালত নতুন করে দিন ধার্য করেন।
মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন প্রথম আলোকে বলেন, আদালত মির্জা ফখরুলের চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন। গতকাল সোমবার সে প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে। এরপর আদালত মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।
রাজধানীর পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুল জামিন পাবেন কি না, সে বিষয়ে আদেশের জন্য প্রথম দফায় ১৬ নভেম্বর দিন ধার্য ছিল।
এর আগে গত ৩ নভেম্বর এই তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে।
৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে পল্টন থানায়ছয়টি ও মতিঝিল থানায় একটি।