মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়ল

রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ ২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ওই দিন মির্জা ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
মির্জা ফখরুলের করা আবেদনের শুনানি শেষে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ মঙ্গলবার এই জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। এ নিয়ে দ্বিতীয় দফায় মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়ল।
নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন গত ১৩ জুলাই ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন আপিল বিভাগ। পাশাপাশি জামিনের মেয়াদ শেষে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দেন আদালত।
ওই ছয় সপ্তাহ শেষ হওয়ার আগে মির্জা ফখরুল তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট তাঁর জামিন আরও ছয় সপ্তাহ বাড়ান আপিল বিভাগ। এরপর আজ দ্বিতীয় দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ল।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী সগীর হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নাশকতার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।