মির্জা ফখরুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ শুনানি শেষে এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, গত ২৮ ডিসেম্বর পল্টনে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২৯ ডিসেম্বর পল্টন থানায় মামলাটি করে পুলিশ। এই মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে মির্জা ফখরুলের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। শুনানির পর আদালত জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি আবদুল্লাহ আবু।