মির্জা ফখরুলের বিদেশ যাত্রায় বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিদেশে যেতে ও ফিরে আসতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।একই সঙ্গে আবেদনকারী মির্জা ফখরুলকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখতে বিবাদীদের কার্যক্রম কেন এখতিয়ারবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। তাঁর বিদেশে যেতে ও ফিরে আসতে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), উপমহাপরিদর্শক (সদর দপ্তর), ঢাকার জেলা প্রশাসক এবং অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।‘১৮ দলের নেতাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা’ শিরোনামে গত ৬ মে একটি দৈনিক পত্রিকায় খবর ছাপা হয়। তাতে বলা হয়, মির্জা ফখরুলসহ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭৮ নেতার বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ খবরের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল গতকাল হাইকোর্টে রিট আবেদনটি করেন। তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, বিদেশে যেতে বাধা দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে মির্জা ফখরুল রিট আবেদনটি করেন।