মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগের গঠন শুনানি পিছিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আগামী ৩০ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

ওই ঘটনায় বিএনপির ৩৬ নেতা কর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। ২০১৪ সালের ২৫ মে ডিবি পুলিশ তদন্ত শেষে মির্জা ফখরুল ইসলাম, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।