পুলিশের কর্তব্যকাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলা
মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পুলিশের কর্তব্যকাজে বাধা, গাড়ি ভাঙচুরসহ সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে রাজধানীর কদমতলী থানায় করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম ইউনুস খান এই আদেশ দেন। মির্জা ফখরুল ছাড়া অপর দুজন হলেন বিএনপির কর্মী মো. নাসিম ও মোজাম্মেল হোসেন।
২০১২ সালে করা এই মামলার এজাহারে মির্জা ফখরুল আসামি ছিলেন না। কদমতলী থানার পুলিশ গত ১৬ জানুয়ারি মির্জা ফখরুলসহ ৬১ জনের বিরুদ্ধে এই মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। গতকাল এই মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ধার্য তারিখ ছিল। মির্জা ফখরুলসহ তিনজনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গতকাল আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এ সময় বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদসহ অভিযোগপত্রভুক্ত অপর ৫৮ জন আসামি আদালতে হাজির ছিলেন। আদালত আগামী ২৬ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে রাজধানীর পোস্তগোলা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার পুড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশের কর্তব্যকাজে বাধা, মারধর ও গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে একটি তেলবাহী গাড়িতে আগুন দেন। মির্জা ফখরুলের বক্তব্য ও প্ররোচনায় আসামিরা উদ্বুদ্ধ হয়ে এ অপকর্ম চালান বলে তাঁকে উসকানিদাতা হিসেবে অভিযোগপত্রে আসামি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং পরে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলন চলাকালে রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকার ২২টি থানায় বিএনপির নেতাদের বিরুদ্ধে দুই শতাধিক মামলা করা হয়। এর মধ্যে ৪৬টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে আসামি করা হয়। ২৩টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। কয়েকটিতে এরই মধ্যে অভিযোগ গঠন করা হয়েছে।