মির্জা ফখরুলের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গতকাল সোমবার হয়নি। শুনানি পিছিয়ে এর একটিতে ১৫ অক্টোবর ও অন্যটিতে ২৮ জুলাই নতুন তারিখ ধার্য করা হয়েছে।
২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিন ছিল গতকাল। মির্জা ফখরুল ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুলিশ আদালতে হাজির না করায় শুনানি হয়নি। তাঁদের উপস্থিতিতে শুনানির আবেদন জানান তাঁদের আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ ১৫ অক্টোবর নতুন তারিখ ধার্য করেন। তদন্ত শেষে গত বছরের ২৮ জুলাই পুলিশ এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ৭৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
২০১৩ সালের ২ মার্চ পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে একই থানায় করা অপর একটি মামলায় মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধেও গতকাল অভিযোগ গঠনের শুনানি হয়নি। শুনানির দিন ধার্য থাকলেও মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গতকাল আদালতে হাজির করা হয়নি। তাঁদের আইনজীবীরা এ দুজনের উপস্থিতিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আবেদন জানান। মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আবেদন মঞ্জুর করে ২৮ জুলাই নতুন তারিখ ধার্য করেন।