মির্জা ফখরুলের মুক্তির দাবিতে রংপুরে আধা বেলা হরতাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে রংপুরে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধা বেলা ঢিলেঢালা হরতাল হয়েছে। হরতাল চলাকালে দোকানপাট ও বাস চলাচল বন্ধ ছিল। রংপুর জেলা বিএনপি এ হরতাল আহ্বান করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হরতাল চলাকালে শহরের সেন্ট্রাল রোডে বিএনপির বিক্ষোভ মিছিলের ছবি তোলার সময় বিএনপির কর্মীরা প্রথম আলোর আলোকচিত্রী মঈনুল ইসলামের মোটরসাইকেল ভাঙচুর করেছেন। এ ছাড়া শহরের পার্কের মোড় ও পাকার মাথা এলাকায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শহরের পায়রা চত্বরে সড়কে ক্যামেরা রেখে তাৎক্ষণিক প্রতিবাদ জানায়। এদিকে হরতালে শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমাসহ সরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। রিকশাসহ হালকা যানবাহন চলাচল করেছে। শহরের বিপণিবিতানগুলো বন্ধ ছিল। রংপুর থেকে কোনো বাস চলাচল করেনি।