মির্জা ফখরুলের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ
রাজধানীর পল্টন থানায় করা নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তদন্তকারী কর্মকর্তাকে তিন দিনের মধ্যে কারাফটকে তাঁকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত গতকাল বুধবার এ আদেশ দেন। গতকাল মির্জা ফখরুলকে নাশকতার অভিযোগে করা পল্টন থানার তিনটি মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে বলেন, মির্জা ফখরুলকে রাজনৈতিকভাবে হয়রানি করতে ঘটনার দীর্ঘ দিন পর রিমান্ডের আবেদন করা হয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনার সুযোগ নেই। রিমান্ডে নেওয়ার মতো মামলায় কোনো উপাদান নেই। তাই রিমান্ড আবেদন বাতিল করে তাঁকে জামিন দেওয়া হোক।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, গত ৫ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতাল-অবরোধের নামে নাশকতার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে। মির্জা ফখরুলের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে মারা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে, তাদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তাঁর আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।