মির্জা ফখরুলের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেওয়ার আবেদন গতকাল মঙ্গলবার নাকচ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিনের আবেদনও নাকচ করা হয়।এর আগে গত ৩ জানুয়ারি রাজধানীর মতিঝিল থানা ও সূত্রাপুর থানার দুটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে যথাক্রমে সাত দিন ও ১০ দিন করে মোট ১৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর ওপর গতকাল শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম রিমান্ড আবেদন নাকচ করে দেন। শুনানি উপলক্ষে সকালে মির্জা ফখরুলকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে ওই গাড়িতে করেই তাঁকে নিয়ে যাওয়া হয়।শুনানিতে সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু আদালতকে বলেন, মির্জা ফখরুল ইসলাম এজাহারভুক্ত আসামি। তাঁর নির্দেশে অন্য আসামিরা গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির দিন রাস্তায় গাড়ি ভাঙচুর ও বোমা নিক্ষেপ করেছেন। ওই ঘটনার সঙ্গে কে কে জড়িত আছে, তা জানতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ বলেন, মির্জা ফখরুলকে ১০ ডিসেম্বর পল্টন ও শেরেবাংলা নগর থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার করা হয়। ওই দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরই নতুন করে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। শুধু রাজনৈতিকভাবে হয়রানি ও বিরোধী দলের চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পুলিশ ফখরুলকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। তাই তিনি জামিন পেতে পারেন বলে মওদুদ আদালতকে বলেন।