মির্জাগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনের সদস্য পদপ্রার্থী মজিবর রহমান (৪০) খুন হয়েছেন। গত সোমবার উপজেলা পরিষদে মনোনয়নপত্র বাছাইয়ে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমড়াগাছিয়া ইউপি নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন বাছাইয়ের দিন ছিল সোমবার। সে জন্য মজিবর তাঁর ভাই ও সমর্থকদের নিয়ে সকালে দক্ষিণ আমড়াগাছিয়ার বাড়ি থেকে উপজেলা পরিষদের উদ্দেশে রওনা হন। সকাল পৌনে ১০টার দিকে উত্তর সুবিখালী গ্রামে সন্ত্রাসীরা তাঁদের ওপর সশস্ত্র হামলা চালায়। তারা মজিবর, তাঁর দুই ভাই সোহরাব হোসেন ও হাবিবুর রহমান এবং ভাতিজা সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাঁদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোবারক হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় চারজনকে এখানে নিয়ে এলে মজিবরকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে সোহরাব হোসেন ও হাবিবুর রহমান অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থী বর্তমান ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছে এবং তাঁর ভাইকে হত্যা করেছে।এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জাহাঙ্গীর সিকদার, হামিদ জোমাদ্দার, সোহেল, শাহিন, সুলতান হাওলাদার, শহিদুল ইসলাম, বশির উদ্দিন, কামাল হোসেন ও রুহুল আমিন নামে নয়জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আলতাফ হোসেনের সমর্থক বলে জানা গেছে। অভিযোগের ব্যাপারে আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মির্জাগঞ্জ থানা পুলিশের ভাষ্যমতে, নিহত মজিবরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী তালিকায়ও তাঁর নাম রয়েছে।