মির্জাগঞ্জে চার গ্রাম প্লাবিত, গাছচাপায় গ্রাম পুলিশ আহত

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এবং বাজিতা দ্বিতীয় খন্ড গ্রামে বেড়িবাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। একই ইউনিয়নে আশ্রয়কেন্দ্রে খাবার পৌঁছাতে গিয়ে গাছচাপা পড়ে হাবিবুর রহমান নামের এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাধবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবখালী ইউনিয়নের মধ্য রামপুর গ্রামে শ্রীমন্ত নদের বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে মধ্য রামপুর, সন্তোষপুর ও পূর্ব রামপুর গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে বাজিতা দ্বিতীয় খন্ড গ্রামের দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে বাজিতা দ্বিতীয় খন্ড গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীবেষ্টিত ভিকাখালি কালিকাপুর, চরখালি, গোলখালি, মেহেন্দিয়াবাদ, রানীপুর গ্রাম।
মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, মাধবখালীর গ্রাম পুলিশ হাবিবুর রহমান আশ্রয়কেন্দ্রে খাবার পৌঁছাতে গিয়ে একটি গাছচাপায় আহত হন। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বিকেল থেকে প্রবলবেগে ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।
উপজেলার ৫৭টি সাইক্লোন সেন্টারে ৩৩ হাজার লোক আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন।