মির্জাগঞ্জে বাঁধ বিধ্বস্ত পাঁচটি গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলীসুবিদখালী ইউনিয়নের পায়রা নদীর পারের বেড়িবাঁধ গতকাল সোমবার বিধ্বস্ত হয়েছে। এতে ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।ইউপি চেয়ারম্যান মোবারক আলী মুন্সি জানান, তাঁর এলাকার মানুষ বারবার দুর্যোগের শিকার হচ্ছে। পায়রা পারের বেড়িবাঁধ সিডর ও আইলায় বিধ্বস্ত হয়েছে। এই বেড়িবাঁধ মেরামতের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে এর আগে আবেদন করা হয়েছে। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই। গতকাল জোয়ারের প্লাবনে এই বাঁধ আবারও বিধ্বস্ত হয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে মেহেন্দীয়াবাদ, চরখালী, গোলখালী, রানীপুর ও হাজীখালী গ্রাম।পটুয়াখালী পাউবোর মির্জাগঞ্জের গ্যাজ রিডার (দায়িত্বপ্রাপ্ত) হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে জোয়ারের সময় পানি ২ দশমিক ৬০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়, যা স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি। পটুয়াখালী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, ৪১/৭ পোল্ডারের এই বেড়িবাঁধ মেরামতের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান ও গ্রহণ করা হয়েছে। আগামী মাসে মেরামতের কাজ শুরু হবে বলে আশা করা যায়। মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান জানান, পাঁচ গ্রামের প্রায় এক হাজার একর কৃষিজমি প্লাবিত হয়েছে। রোপা আউশ খেত তলিয়ে গেছে।