মির্জাগঞ্জে বাঁধে ভাঙন, স্বেচ্ছাশ্রমে বাঁশের পাইলিং
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত ঝাটিবুনিয়া গ্রামে শ্রীমন্ত নদীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে স্থানীয় বাসিন্দারা সেখানে স্বেচ্ছাশ্রমে বাঁশের পাইলিং শুরু করেছেন।
স্থানীয় কয়েকজন জানান, এক সপ্তাহ ধরে নদীর ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়েছে বহু গাছপালা। ভাঙনের মুখে রয়েছে গ্রামের ঈদগাহ এলাকা থেকে মীরাবাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ ও এর ওপর এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) নির্মিত কার্পেটিং করা সড়ক। বাঁধ ভেঙে গেলে নদীর জোয়ারের পানিতে বহু বাড়িঘর ও বিভিন্ন ফসলের প্রায় দুই হাজার হেক্টর খেত প্লাবিত হবে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গ্রামের লোকজন বাগানের বাঁশ কেটে নিয়ে নদীর পাড়ে বাঁধের ভাঙনকবলিত স্থানে বাঁশের পাইলিং করছেন। ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মাসুম হাওলাদার বলেন, এই মুহূর্তে বাঁধটি রক্ষা করতে না পারলে মসজিদসহ বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
স্বেচ্ছাশ্রম দেওয়া ওই গ্রামের আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পাউবোকে জানানোর পরও বাঁধের ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে পাইলিং করছি।’
পাউবোর পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবু বকর ভূঁইয়া বলেন, ভাঙনরোধে পরিকল্পনা নেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।