মির্জাজাঙ্গাল-তালতলা রাস্তা যান চলাচলে অযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের গুরুত্বপূর্ণ মির্জাজাঙ্গাল থেকে তালতলা এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। গত কয়েক বছরে এই সড়কে কোনো সংস্কারকাজ না হওয়ায় পিচ আর ইটের খোয়া উঠে সড়কটি বর্তমানে যানবাহন চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনকে চলাচল করতে হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটির প্রায় এক কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। স্থানে স্থানে পিচ আর ইটের খোয়া উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির মৌসুম হওয়ায় এসব খানাখন্দে পানি আর ময়লা-আবর্জনা একাকার হয়ে বিচ্ছিরি অবস্থার সৃষ্টি হয়েছে। একদিকে খানাখন্দের কারণে যানবাহন চলতে পারছে না, অন্যদিকে ময়লা-আবর্জনার জন্য মানুষ হেঁটেও চলাচল করতে পারছে না।বন্দরবাজার-কুমারগাঁওগামী অটোরিকশাচালক খালেদ মিয়া জানান, অনেক দিন ধরে রাস্তাটি সংস্কারহীন থাকায় এই রাস্তা দিয়ে কুমারগাঁও বাসস্ট্যান্ডগামী অটোরিকশা চলাচল অলিখিতভাবে বন্ধ রয়েছে। এই রাস্তার খানাখন্দ এড়াতে অটোরিকশাগুলো দেড় কিলোমিটার ঘুরে শেখঘাট ও কাজিরবাজার এলাকা দিয়ে বন্দরবাজার যাতায়াত করছে।তালতলা এলাকার বাসিন্দা এনামুল হক জানান, রাস্তার আস্তর নষ্ট হয়ে একেকটি খানাখন্দ ছোটখাটো পুকুরে রূপান্তরিত হয়েছে। তাই অতি সহজে অটোরিকশা ও রিকশাচালকেরা এ রাস্তা দিয়ে যাত্রী বহন করতে চান না। কবি তুষার কর মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এত বছর ধরে সংস্কারহীন অবস্থায় একটি সড়ক পড়ে রয়েছে। কিন্তু কারও কোনো মাথাব্যথা নেই। দেখে মনে হচ্ছে—এটার তদারক করার কোনো প্রতিষ্ঠান বুঝি সিলেটে নেই!’সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘ঈদের আগে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে ইট-বালু ফেলে কিছু সংস্কারকাজ করা হবে। তবে বর্ষা মৌসুম শেষ হওয়ার পর রাস্তাটি পুনর্নির্মাণ করা হবে।’