মির্জাপুর ও বগুড়ায় তিন শতাধিক দুস্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকা এবং বগুড়া শহরে বিভিন্ন ফুটপাত ও রেলস্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এবং স্থানীয় বন্ধুসভার সহযোগিতায় দুস্থ শীতার্তদের তিন শতাধিক দুস্থের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।গতকাল বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী, কুমারজানী, গাড়াইল ও ত্রিমোহন এলাকার প্রায় ২০০ জন দুস্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মির্জাপুর বন্ধুসভার সদস্যরা এতে সহযোগিতা করেন।শীতবস্ত্র পেয়ে আবেগে আপ্লুত পোস্টকামুরী পূর্বপাড়া গ্রামের ঝর্না আক্তার (১৫) বলে, ‘এত শীত গেল, কেউ আমাগো খবর নিল না। পরথম আলোর বান্ধবরা আমাগো শীতের কাপড় দিয়া খুবই উপকার করল।’শীতবস্ত্র বিতরণের সময় মির্জাপুর পৌরসভার মেয়র মোশারফ হোসেন, ভারতেশ্বরী হোমসের উপাধ্যক্ষ উলফাতুন্নেছা, কুমুদিনী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী রহিমা আক্তার, রীনা দাস, বন্ধুসভার সদস্য হাসেম সিকদার, হাবেল মৃধা ও প্রথম আলোর মির্জাপুর প্রতিনিধি সোহেল মোহসীন উপস্থিত ছিলেন।গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়া শহরের ফুটপাত ও রেলস্টেশন এলাকায় শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে পুরোনো শীতবস্ত্র বিতরণ করা হয়।বগুড়া বন্ধুসভার সদস্যদের সহায়তায় শীতবস্ত্র বিতরণের সময় বগুড়া বন্ধুসভার সভাপতি সেলিনা শিউলী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জান, তাইফুল ইসলাম, আমির খসরু এবং বগুড়ায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মিলন রহমান উপস্থিত ছিলেন।