মির্জাপুর ও ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার দেওহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহের ভালুকায় বাস উল্টে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের মকবুল হোসেনের ছেলে জামাল হোসেন (২৮) ও মোশারফ হোসেনের ছেলে সজল মিয়া (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই জামাল ও হাসপাতালে নেওয়ার পথে সজল মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ধামশুর এলাকায় একটি বাস উল্টে গেলে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন। ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।