মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক থেকে সরেনি বিদ্যুতের খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়কের ওপর থাকা বিদ্যুতের খুঁটিগুলো এখনো সরানো হয়নি। এতে ঝুঁকি নিয়ে ওই সড়কে যানবাহন চলাচল করছে। এ ছাড়া খুঁটিগুলো থেকে যেসব বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে, সেই বাড়িগুলোর লোকজনও ঝুঁকিতে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৫ সালের প্রথম দিকে সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়। প্রায় এক বছরের বেশি সময় আগে সড়কটির নয়াপাড়া অংশের কাজ শেষ হয়। এ ছাড়া কুতুববাজার এলাকার অংশের কাজ প্রায় দুই মাস আগে শেষ হয়েছে। কিন্তু ওই এলাকায় সড়কের ওপর থাকা দুটি বিদ্যুতের খুঁটি এখনো সরেনি। নয়াপাড়া এলাকায় থাকা বিদ্যুতের খুঁটি নিয়ে ২০১৫ সালের ২০ জুন প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়েছিল। ওই সময় মির্জাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুশান্ত কুমার রায় খুঁটিটি দ্রুত সরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, দুটি খুঁটির মধ্যে কুতুববাজার এলাকার খুঁটি থেকে আটটি এবং নয়াপাড়ার খুঁটি থেকে ছয়টি বাড়িতে বিদ্যুতের সংযোগ রয়েছে।

ওই সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মো. মানিক মিয়া (৩৫) বলেন, সড়কের ওপর বিদ্যুতের খুঁটি থাকার কারণে সব সময়ই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ওই দুটি স্থানের মধ্যে কুতুববাজার এলাকা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালানো গেলেও চার চাকার যান চলাচল করতে পারে না।

নয়াপাড়া গ্রামের ইব্রাহিম মিয়া বলেন, সড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে খুঁটি ও মিটার থাকায় সেগুলো সরানোর জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বাড়ির মিটার সরিয়ে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কিন্তু এখনো খুঁটি সরানো হয়নি। এতে যেকোনো সময় খুঁটিতে যানবাহনের ধাক্কা লেগে খুঁটি পড়ে কিংবা তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে ডিজিএম সুশান্ত কুমার রায় বলেন, খুঁটিগুলো সরানোর ব্যয়ভার সড়ক ও জনপথ বিভাগ বহন করার কথা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আবদুর রহমান বলেন, ওই সড়কের সম্পূর্ণ অংশের কাজ শেষের দিকে। যে অংশের কাজ শেষে হয়েছে, সেই অংশে থাকা খুঁটিগুলো সরানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।