মির্জাপুর থেকে সার পাচার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল ইউনিয়নের বংখুরী বাজারে গতকাল বৃহস্পতিবার পাচারকালে ১৫০ বস্তা সারবোঝাই ট্যাফে ট্রাক্টরসহ এক ডিলারকে আটকে গ্রামবাসীকে খবর দেয় অপর ডিলার। পরে এক মাতব্বরের কথামতো এসব সার পাচার করা হয়। এদিকে গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে ওই দুই সার ডিলারের মধ্যে একটি চুক্তি হয়। এলাকাবাসী জানান, বংখুরী বাজারে সারের সাব ডিলার নুরুল ইসলাম পার্শ্ববর্তী হামিদ মার্কেটের সাব ডিলার রফিক মিয়াকে ওই বাজারে সার বিক্রি করতে বাধা দিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। নুরুল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিঙ্গাপুরি মার্কেটের সার ব্যবসায়ী মনির হোসেনের কাছে গতকাল সকালে প্রায় ১৫০ বস্তা সার একটি ট্যাফে ট্রাক্টরযোগে পাচারকালে রফিক তা দেখে গ্রামবাসীকে নিয়ে আটকে দেন। এ সময় নুরুল গ্রাম্য মাতাব্বর কদ্দুছ মিয়াকে মোটা অঙ্কের উৎকোচ দেওয়ার প্রস্তাব দেন।এদিকে গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে দুই শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে মনির হোসেনের সঙ্গে তাঁরা উভয়েই অন্য বাজারে সার বিক্রি করতে পারবেন বলে চুক্তিপত্র করে দফারফা করেন। এ ব্যাপারে নুরুলকে জিজ্ঞেস করা হলে তিনি চুক্তিপত্র হওয়া ও মনিরকে সার দেওয়ার কথা স্বীকার করেন। কদ্দুছ উৎকোচের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় দুই সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পবন ও হাফিজ উদ্দিনসহ দুই শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে চুক্তিপত্রের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছে।খবর পেয়ে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থলে গেলেও সার পাচারের বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। উপজেলা কৃষি কর্মকর্তা নিখিলচন্দ্র মজুমদার বলেন, সারগুলো ঘোড়াশাল কারখানার। মির্জাপুরে যমুনা সার কারখানা থেকে সার আনা হয়। এ সময় ঘোড়াশালের সার মির্জাপুরে কীভাবে এল জানতে চাইলে বলেন, অন্যত্র থেকে মির্জাপুরে সার ঢুকতে পারবে। কিন্তু বের হতে পারবে না। তবে কীভাবে সার বের হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।