মির্জাপুর, নান্দাইল ও কসবায় কলেজছাত্রসহ তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল শনিবার এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল এক শিশুর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত শুক্রবার পুলিশের সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করা হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের প্রশান্ত বসাক নামের এক ছাত্র শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। গতকাল সকালে ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে তাঁরা আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় প্রশান্তর ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি করটিয়া সাদত কলেজের দর্শন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম নীলকণ্ঠ বসাক।
থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি পুলিশ জানে না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা রেলস্টেশনসংলগ্ন পৌর এলাকার কালিকাপুর পাকা রাস্তায় শুক্রবার রাতে পুলিশের সাবেক সদস্য মো. আলমগীর হোসেনকে (৪০) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলমগীর পৌরসভার আকুবপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
তিনি পুলিশে চাকরি করতেন। কয়েক বছর আগে আলমগীর চাকরিচ্যুত হন। থানার এসআই মো. হাফিজুর রহমান জানান, অতিরিক্ত মাদক সেবনের কারণে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে গতকাল দুপুরে তাসলিমা আক্তার (১৪) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তাসলিমা ওই গ্রামের মো. নইম উদ্দিনের মেয়ে। ঘটনাস্থলে গেলে শিশুটির প্রতিবেশী আ. জব্বার (৫৫) জানান, তাসলিমা ছোটবেলা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। মাঝেমধ্যে সে অপ্রকৃতিস্থ হয়ে পড়ত। চিকিৎসা করানোর পরও শিশুটি পুরোপুরি সুস্থ হয়নি।
দুপুরে তার মা-বাবা বাড়িতে ছিলেন না। আশপাশের লোকজন ঘরে গিয়ে তাসলিমার লাশ আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।