মির্জাপুর বাইপাসে ত্রিমুখী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে গতকাল মঙ্গলবার কাভার্ড ভ্যান, বাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়, মহাসড়কের ওই স্থানে গতকাল বেলা একটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে অতিক্রমের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার কারণে বাসটি অতিক্রম করতে না পারায় কাভার্ড ভ্যান, বাস ও অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ওই তিনটি যানবাহন রাস্তার ওপর উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অন্তত ১০ জন বাস ও অটোরিকশা যাত্রী আহত হয়। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরোনো সড়ক দিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দিলেও অতিমাত্রায় যানবাহন চলাচলের কারণে পুরোনো সড়কেও যানজটের সৃষ্টি হয়।