মির্জাপুর সওজের কর্মচারীকে পেটালেন সাংসদ শাজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে নিম্নমানের কাজের অভিযোগে মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের কার্যসহকারী গোলাম মোস্তফাকে (৫০) পিটিয়েছেন সরকারদলীয় সাংসদ ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাজাহান। গতকাল শনিবার সকালে সখীপুর উপজেলা সদরের তালতলা গোলচত্বর এলাকায় নিম্নমানের কাজের অভিযোগে তিনি মোস্তফাকে পেটান বলে জানা গেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রমতে, গত মার্চের প্রথম সপ্তাহে সখীপুর উপজেলা সদরের তালতলা গোলচত্বর থেকে গোড়াই-সখীপুর সড়কের গ্রামীণ ব্যাংক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক উঁচু করার জন্য পাঁচ কোটি ৮০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। ঢাকার এসএস ইঞ্জিনিয়ারিং নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার প্রায় এক মাস আগে তালতলা থেকে কাজ শুরু করেন। গতকাল শনিবার সকালে মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের কার্যসহকারী গোলাম মোস্তফা কাজটি তদারক করছিলেন। সকাল আটটার দিকে স্থানীয় সাংসদ শওকত মোমেন শাজাহান কাজ দেখার জন্য ঘটনাস্থলে যান। তিনি সেখানে গিয়ে দেখেন, রাস্তার জন্য ব্যবহূত আগের ইট ও খোয়া রাস্তা উঁচু করার জন্য ফেলা হচ্ছে। সাংসদ পুরোনো ইট ও খোয়া কেন ফেলা হচ্ছে জানতে চাইলে উপস্থিত কার্যসহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাঁকে জানান, দরপত্রের শর্তানুযায়ী কাজ হচ্ছে। এ সময় কার্যসহকারীর সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে সাংসদ তাঁকে চড়-থাপড় ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, ‘এমপি সাহেব কোনো কারণ ছাড়াই আমাকে চড় মেরেছেন।’ মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নুরুন্নবী তরফদার দরপত্রের শর্তানুয়ায়ী সড়ক সংস্কারের জন্য সড়কে থাকা আগের ইট ও খোয়া নিচের লেয়ারে ব্যবহার করা যাবে উল্লেখ করে বলেন, সাংসদ তাঁর কর্মচারীকে পিটিয়েছেন বিষয়টি তাঁর জানা আছে। সাংসদ শওকত মোমেন শাজাহান মুঠোফোনে বলেন, ‘সখীপুর সদরে সড়ক ও জনপথ উপবিভাগের কাজটি পরিদর্শনে গিয়ে দেখি, তা খুবই নিম্নমানের। পুরোনো ইট ও খোয়া দিয়ে ঠিকাদারেরা কাজ করছেন।’ এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীকে মেরেছেন কেন জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে ফোন কেটে দেন।