মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব গতকাল শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে ১০০টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতী সাহা।
এ সময় স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দিসহ সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে উদ্যাপন পরিষদের সভাপতি বোস বিপ্লব কুমারের সভাপতিত্বে অতিথি ছাড়াও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শ্রীমতী সাহা বলেন, ‘শতবর্ষ পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা দেখে আমি অভিভূত। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি কর্তব্যনিষ্ঠা বেড়ে যাবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান জানান, প্রয়াত জমিদার সদয় কৃষ্ণ সাহা তাঁর নামে ১৯১৫ সালে মির্জাপুর সদয় কৃষ্ণ ইংলিশ হাইস্কুল নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
১৯৬৫ সালে রণদা প্রসাদ সাহা বিদ্যালয়টির হাল ধরেন। ২০১২ সালে এটি মডেল উচ্চবিদ্যালয় নামে আত্মপ্রকাশ করে। বিদ্যালয়টিতে বর্তমানে ১ হাজার ৭০৫ শিক্ষার্থী রয়েছে।