মির্জাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পোষ্টকামুরী চরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলা তিনটার দিকে গামছা দিয়ে হাত বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অজ্ঞাত ওই ব্যক্তির পরনে জিনসের প্যান্ট, নীল-সাদা চেক শার্ট ও সাদা গেঞ্জি ছিল। গায়ের রং কালো ও মুখে সামান্য বসন্তের দাগ আছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর দুপুরের পর যেকোনো সময় সুযোগ বুঝে লাশটি ফেলে পালিয়ে যায়। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।