মির্জাপুরে অন্তঃসত্ত্বাকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা সুমি আক্তারকে (২৩) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার তরফপুর ইউনিয়নের মামুদপুর হরীতকীচালা গ্রামের একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।এ ঘটনার পর থেকে সুমির স্বামী মোশারফ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।মির্জাপুর থানার পুলিশ গ্রামবাসীর বরাত দিয়ে জানায়, তিন বছর আগে হরীতকীচালা গ্রামের মোশারফের সঙ্গে উপজেলার পাহাড়পুর গ্রামের সুমির বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর মোশারফ মালয়েশিয়া চলে যান। এর মধ্যে সুমির একটি মেয়ের জন্ম হয়। বছর খানেক আগে মোশারফ দেশে আসার পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই মাঝে সুমি আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আট মাসের অন্তঃসত্ত্বা সুমি বাবার বাড়িতে সন্তান প্রসবের ইচ্ছা প্রকাশ করলে গত রোববার রাতে স্বামীর সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মোশারফ সুমিকে প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে, পরে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল সরকার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সুমিকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে প্রথমে ভ্যানযোগে এবং পরে পিকআপে নেওয়ার চেষ্টা করেন তাঁর স্বামী। কিন্তু তা না পেরে কাঠবাগানে সুমির লাশ ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। এসআই শ্যামল বলেন, অন্তঃসত্ত্বা সুমির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান বলেন, ‘এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সুমির বাবা আবদুল হক মামলা করবেন বলে জানতে পেরেছি। হত্যাকাণ্ডে ব্যবহূত একটি রক্তাক্ত চটের বস্তা, একটি ভ্যান ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।’