মির্জাপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাঈদ আহমেদ নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক খুন হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেলতৈল গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে।
সাঈদ (৬৮) স্থানীয় বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সাঈদ মঙ্গলবার রাতে বাড়িতে একা ছিলেন। গতকাল বুধবার সকালে তাঁর স্ত্রী এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরে ঘরের দরজা বন্ধ ও বেড়ার টিন কাটা দেখতে পান। পরে তিনি ঘরে ঢুকে বিছানার ওপর তাঁর স্বামীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাঈদের ভাতিজা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম বলেন, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে তাঁর ছোট চাচা মোয়াজ্জেম হোসেন খুন হন। ওই ঘটনায় হওয়া মামলার সাক্ষী ছিলেন তাঁর চাচা সাঈদ।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, চুরিতে বাধা দেওয়ায় চোরের দল তাঁকে খুন করেছে।