ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা এবং তাঁর স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন চারজন। আহত ব্যক্তিদের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হক (৬৯), তাঁর স্ত্রী শামসুন্নাহার (৬৭) ও জিপের চালক জামিল হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকালে পাবনার সাঁথিয়া থেকে ব্যক্তিগত পাজারো জিপে করে তাঁরা ঢাকায় যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকায় পাজেরোটির সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ব্যক্তিগত গাড়িটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইনুল নিহত হন। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে শামসুন্নাহার ও জামিল মারা যান।
এ ঘটনায় মাইনুলের দুই ছেলে ইকরামুল হক (৩৭), উবায়দুর হক (৩৫), ইকরামুলের স্ত্রী কেকা (৩০) ও তাঁর ছয় মাসের শিশুকন্যা মার্জিয়া আক্তার আহত হয়ে সবাই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম জানান, লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।