মির্জাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতপরিচয় ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। নানা অপরাধ বেড়ে যাওয়ায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে পুলিশ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৩ জানুয়ারি উপজেলার শেওড়াতৈল গ্রামের সংখ্যালঘু সম্প্র্রদায়ের ১৪ বছরের এক কিশোরী অপহূত হয়। ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ৩১ জানুয়ারি ছিটমামুদপুর গ্রামের খালেদা আক্তার নামের এক নারীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। ৩ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা পাঠানপাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করতে গিয়ে নারীসহ ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। ৯ ফেব্রুয়ারি কাটরা গ্রামে আকলিমা বেগম (২০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। ২১ ফেব্রুয়ারি থানার অদূরে পুলিশ পরিচয়ে একদল ডাকাত এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। ১৪ মার্চ ফতেপুর ময়নাল হক উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের এক লাখ ৪৩ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে তুলে যাওয়ার পথে ছিনতাইকারীরা ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে টাকা ছিনিয়ে নেয় ও তাঁদের কুমারজানি এলাকায় হাত-পা বেঁধে ফেলে দেয়।৪ এপ্রিল পোষ্টকামুরী, কুমারজানি, গোড়াইল ও দুল্যা মনসুর গ্রাম থেকে ২৫টি গরু চুরি হয়। এ নিয়ে গত বছর কমপক্ষে শতাধিক গরু চুরি হয়েছে। ১২ এপ্রিল থানা মসজিদের ইমাম শফিকুল ইসলামের বাসায় হামলা চালিয়ে একদল ডাকাত অস্ত্রের মুখে ৩০ হাজার টাকা লুটে নেয়। ১৪ এপ্রিল সোহাগপাড়া গ্রামের রগু মিয়ার ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আশিক অপহূত হয়। আজও তার খোঁজ মেলেনি। ২৬ এপ্রিল টাকিয়া কদমা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী লাইলী বেগমের রহস্যজনক মৃত্যু হয়। ২৭ এপ্রিল সদরের একটি মুদি দোকান ও একটি চালের দোকান থেকে মালামাল ও নগদ টাকা এবং ১৮ বস্তা চাল চুরি হয়। ২৯ অক্টোবর আছিমতলা এলাকায় পাট ব্যবসায়ী সামছু মিয়ার আট লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। এ ছাড়া গত এক বছরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু রেলসংযোগ সড়কসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে শিশু, নারী ও পুরুষের অজ্ঞাতপরিচয় ১৫টি লাশ উদ্ধার করা হয়। গত বছর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে অর্ধশত মোটরসাইকেল চুরি হয়েছে। চুরির ঘটনা থেকে স্থানীয় সাংসদ, সেনা কর্মকর্তা, সাংবাদিক ও পৌরসভার সাবেক মেয়রের বাসাও বাদ যায়নি। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া বিভিন্ন গ্রাম থেকে অর্ধশত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে।পোস্ট অফিসসংলগ্ন মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন আবাসিক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ রয়েছে। বর্তমানে পৌর এলাকা ও এর বাইরে মাদকাসক্তরা বিয়ার, ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজা, পেথিডিন, ইয়াবা বড়ি, রেক্টিফাইড স্প্রিরিট ও ড্যান্ডিসহ (এক ধরনের ঘাম) বিভিন্ন নেশায় আসক্ত রয়েছে। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন কলার আড়ত, কুমুদিনী হাসপাতাল গেটসংলগ্ন এলাকা, সাহাপাড়া, পোষ্টকামুরী মধ্যপাড়া ও কুতুববাজার এলাকায় পুলিশের সঙ্গে আঁতাত করে ব্যবসায়ীরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সদরের বিভিন্ন স্থানে দিনে-রাতে চলছে লাখ লাখ টাকার জুয়ার আসর। বিভিন্ন ঘটনায় একাধিক মামলা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানা গেছে। পৌরসভার প্যানেল মেয়র আলী আজম সিদ্দিকী বলেন, মির্জাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ দিকে পৌঁছেছে। এ অবস্থা থাকলে মির্জাপুরবাসীকেই তার কুফল পেতে হবে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট এখনো হাতে পাইনি। তবে এ ব্যাপারে পুলিশ ভালো বলতে পারবে।’ মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ এক বছরে নানা সময় মাদকদ্রব্য উদ্ধারসহ অনেক ভালো কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক হাজার ৬৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার, ২১ লাখ টাকার চা বোঝাই ট্রাক উদ্ধার, দুই হাজার ৩৩০ লিটার মদ, তিন কেজি গাঁজা, চার শিশু অপহরণকারী ও পাঁচ ডাকাতকে গ্রেপ্তার, ৫০ পিস পেথিডিন, দুটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার, ১৬০ পিস বিয়ার উদ্ধার করেছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সদরের কোথাও জুয়ার আসর নেই উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।