মির্জাপুরে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেনকে স্থানীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে। গতকাল শনিবার টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে মির্জাপুর আসনের সাংসদ একাব্বর হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান খান বক্তৃতা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম মিয়াসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ একাব্বর হোসেন গতকাল সাহাদৎ হোসেনকে দলীয় প্রার্থী মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন।