মির্জাপুরে আট ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ শুক্রবার রাতে ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ডাকাতেরা হলেন: কামাল হোসেন (৩৮), আকতার হোসেন (২৮), জাকির হোসেন (২৪), আ. রহিম (৩৭), ইসমাইল হোসেন (৩০), সাইজুদ্দিন (২৪), আ. হালিম (৩৬) ও বাবু হোসেন (৩০)। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত বলেন, এঁদের মধ্যে কামাল হোসেন দলনেতা। তাঁর নেতৃত্বে প্রায় ৬০ জনের একটি চক্র আলাদা দলে বিভক্ত হয়ে ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ডাকাতির ঘটনা ঘটিয়েছে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে তাঁরা পিকআপ ভ্যানযোগে মির্জাপুর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করতে আসছে—এ খবর পেয়ে পুলিশ গোড়াই চেকপোস্টে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ পিকআপটি তল্লাশি করে আট ডাকাতকে গ্রেপ্তার ও পিকআপটি আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রোববার (আজ) আদালতে হাজির করা হবে।