মির্জাপুরে আন্তজেলা ডাকাত দলের নয় সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ আন্তজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উপজেলার আজগানা ও তরফপুর ইউনিয়নের চারটি গ্রামে র‌্যাব সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের চান্দর গ্রামের আলহাজ উদ্দিন, পুতাজিয়া চালারপাড়া গ্রামের গুলজার, ছোট চানতারা গ্রামের পাষাণ ও চরসাদা গ্রামের জাহাঙ্গীর এবং পাবনার শালগাড়িয়া পূর্বপাড়া গ্রামের দবির মোল্লা, কদিমতলা মোল্লাপাড়া গ্রামের শরিফুল, দড়িদেবপুর গ্রামের দেলোয়ার, তাঁতীবন্দ হোতাপাড়া গ্রামের কাদের মোল্লা ও আরড়া মধ্যপাড়া গ্রামের চান্দে মণ্ডল। এ ছাড়া ডাকাতির মালামাল কেনার অভিযোগে ঢাকার পাইকপাড়া থেকে কামাল হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, শুক্রবার ও শনিবার রাতে কালিয়াকৈরের চন্দ্রা, সাভার, বাইপাইল ও ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, ১৫ এপ্রিল রাতে ডাকাত দলের ২০ সদস্য আজগানার মাটিয়াখোলা গ্রামের আজিজুল ইসলাম এবং তেলিনা গ্রামের রহিম, কাদের, মজিদ, নূর বক্স ও আলীর বক্সের বাড়িতে ডাকাতি করেন। ১০ এপ্রিল রাতে ২০-২২ জন ডাকাত তরফপুরের পাথরঘাটা গ্রামের সমেজ মিয়ার বাড়িতে ঢুকে ৩৪ ভরি স্বর্ণালংকারসহ অন্য মালামাল লুট করে। পরে তারা তরফপুর গ্রামের আলিম ও সামাদের বাড়িতে ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে।