মির্জাপুরে উপজেলা পরিষদের সভায় ওসির প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের মাসিক সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা এ দাবি জানান।জনপ্রতিনিধিরা জানান, গতকাল সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বা তাঁর কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নির্ধারিত ওই সভা হয়নি। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ক্ষোভ প্রকাশ করেন।পরে উপজেলা পরিষদের সভায় জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, গত এক সপ্তাহে উপজেলার সাত গ্রামের ১৩ বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় একটি মামলা ও লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়া দিন দিন এলাকায় মাদক ব্যবসার প্রসার, চুরি, ছিনতাই, ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। কিন্তু পুলিশ এসব অপতৎপরতা বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। এসব অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার দাবি করেন তাঁরা। উপজেলার জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান বলেন, মির্জাপুরে চুরি, ডাকাতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওসি গোলাম মোস্তফা মির্জাপুরে যোগদানের পর কখনোই আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকেন না। মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান বিভাষ সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই ওসিকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী বলেন, ‘ওসি সাহেব আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত না থাকায় সভা হয়নি। পরে উপজেলা পরিষদের সভায় উপস্থিত সদস্যরা ওসির প্রত্যাহার দাবি করেন। বিষয়টি সিদ্ধান্ত আকারে টাঙ্গাইলের পুলিশ সুপারকে অবগত করা হবে।’তবে অভিযোগ প্রসঙ্গে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ছুটিতে থাকায় সভায় উপস্থিত হতে পারেননি তিনি।আইনশৃঙ্খলা কমিটির সভায় কখনোই উপস্থিত থাকেন না—ইউপি চেয়ারম্যানদের এই অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে তিনি সেখানে উপস্থিত হন।’