মির্জাপুরে এইচএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের মির্জাপুরে গত সোমবার এক এইচএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে মিরাজুলসহ চারজনের নামে মির্জাপুর থানায় মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, সোমবার বিকেলে মেয়েটি এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিল। পথে মিরাজুল ইসলাম (২০), তাঁর সঙ্গী উপজেলা সদরের সওদাগরপাড়া গ্রামের মো. রচি (২২) ও শাকিল মিয়া (২৪) এবং রশিদ দেওহাটা গ্রামের মো. রেজবী (২৫) মেয়েটিকে জোর করে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে মিরাজুলকে ধরে পুলিশে দেন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। গুরুতর অবস্থায় মেয়েটিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মুন্সি বলেন, গ্রেপ্তারকৃত মিরাজুলকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটি সুস্থ হয়ে উঠলে আজ বুধবার তার ডাক্তারি পরীক্ষা করানো হবে।