ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোস্টকামুরী চরপাড়া এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক শিশু ও দুই নারী নিহত এবং কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি নাটোর সদরের আলাইপুরের মাসুদ আলীর স্ত্রী। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বিকেল তিনটার দিকে বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। গুরুতর আহত ১০ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বাহার বলেন, নিহত ব্যক্তিদের বাড়ি বগুড়া এলাকায় হবে বলে ধারণা করা হচ্ছে।