মির্জাপুরে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার এলাকাবাসী ওই কবরস্থানে গিয়ে বিষয়টি জানতে পারে।এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার মির্জাপুর কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ ওসমান গনি তাঁর সহকর্মী একই কলেজের সাবেক সহকারী অধ্যাপক মজিবর রহমানের ছেলে চিকিৎসক বাহালুলের কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে ওসমান গনি ওই কবরটির মাথার দিকে খোঁড়া দেখতে পান। বিষয়টি তিনি একই কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ ও প্রভাষক ছানোয়ার হোসেনকে জানান। ঘটনা জানতে পেরে কবরস্থান কমিটির সদস্যরা গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওই কবরের মাথার দিকে খোঁড়া এবং জঙ্গল দিয়ে ঢাকা রয়েছে। পরে তাঁরা মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। কবরস্থান কমিটির কোষাধ্যক্ষ ছিবার উদ্দিন বলেন, মনে হচ্ছে, কবরটি থেকে কঙ্কাল চুরি হয়েছে। আরও একটি কবরের মাটি খোঁড়াখুঁড়ি করা হয়েছে। এ নিয়ে ওসির কাছে গেলে তিনি পুলিশের কিছু করার নেই বলে জানান। আজ বৃহস্পতিবার কবরস্থান পরিষ্কারের সময় কঙ্কাল চুরি হতে পারে এমন কবরগুলো পরিদর্শন করা হবে।এ ব্যাপারে ওসি গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি আমি কবরস্থান কমিটির সদস্যদের লিখিতভাবে জানাতে বলেছি।’