মির্জাপুরে কবিগানের আসর শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা...’ এ ধরনের আধ্যাত্মিক গানে গানে কবিরা গত দুই দিন মাতিয়ে রাখেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের সরিষাদাইড় গ্রাম। গত বুধবার কবিগানের এ আসর শুরু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অনুষ্ঠান শেষ হয়।
এলাকাবাসী বলেন, প্রতিবছরের মতো এবারও পৌষের শেষে এর আয়োজন করা হয়। এতে আশপাশের গ্রামগুলোর কয়েক শ শ্রোতা ও দর্শক গান শুনতে আসেন।
সরিষাদাইড় গ্রামের বাসিন্দা কালু সরকার বলেন, ‘আগে গ্রামে গ্রামে কবিগানের আসর বসত। সেই আসর এখন আর খুঁজে পাওয়া যায় না। তবে আমাদের গ্রামে এখনো কবিগানের আসর বসে। অনুষ্ঠানে দূরের অনেক গ্রাম থেকে লোকজন আসেন।’
কালীপূজা উপলক্ষে সরিষাদাইড় গ্রামের বাসিন্দা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোপাল চন্দ্র সরকার এ কবিগানের আয়োজন করেন। তিনি বলেন, ৩২ বছর ধরে তিনি এ অনুষ্ঠান আয়োজন করছেন।