মির্জাপুরে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন অব্যাহত
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদ থেকে খননযন্ত্রের সাহায্যে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও উপজেলা কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বালু উত্তোলনে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটি এলাকাবাসীর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল মির্জাপুরের আজগানা ইউনিয়নের কুড়িপাড়া পলাশতলী থেকে ফতেপুর ইউনিয়নের ফতেপুর-থলপাড়া পর্যন্ত প্রায় ৩৮৮ একর আয়তনের ছয়টি বালু মহাল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়। ১২ মে ঢাকার এন এন বিল্ডার্সকে ৩৯ লাখ ৫০ হাজার টাকায় বালুমহালগুলো ইজারা দেওয়া হয়। ইজারা পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি শর্ত ভেঙে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন শুরু করে। এ নিয়ে ১১ জুলাই প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। একপর্যায়ে এলাকাবাসী খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের উদ্যোগ নেন। এ পর্যায় প্রতিষ্ঠানটি এলাকাবাসীর ১২ জনের নামে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেয়।
খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী গোড়াই, যোগিরকোফা, দেওহাটা, চাকলেশ্বর, থলপাড়া ও ফতেপুর এলাকায় ভাঙন শুরু হয়। চাকলেশ্বর উচ্চবিদ্যালয়, ফতেপুর উচ্চবিদ্যালয়, হিলরা ও ফতেপুর বাজারের পাশে অতিমাত্রায় ভাঙন হচ্ছে। ত্রিমোহন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে।
যোগিরকোফা গ্রামের ডি এম সুমন বলেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে শিগগিরই গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে আনারুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অনুমতির কাগজ রয়েছে, আপনাদের দেখানো হবে।’ জেলা প্রশাসকের অনুমতির কাগজ দেখাননি কেন—জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
ইউএনওর দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, ‘আমার কাছে শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে দেওয়া বালুমহাল ইজারাসংক্রান্ত কাগজ রয়েছে। নিয়মাবলি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’