মির্জাপুরে খেলা দেখতে না পেয়ে মহাসড়ক অবরোধ
বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী খেলা দেখতে না পেরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা গ্রামবাসী মহাসড়ক অবরোধ করেন। রাত ১০টা পর্যন্ত দুই ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার রাত আটটার দিকে বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম খেলা ছিল। খেলার শুরুতেই উপজেলার সব স্থানে বিদ্যুৎ চলে যায়। এ সময় টেলিভিশনের সামনে বসে থাকা শুভুল্যা গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা দলে দলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবস্থান নেন। পরে রাত সোয়া আটটার দিকে ক্ষুব্ধ গ্রামবাসী মহাসড়কের শুভুল্যাতে রাস্তার ওপর টায়ারে আগুন লাগিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। স্থানীয় রাজনৈতিক নেতারা ক্ষুব্ধ গ্রামবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে গ্রামবাসী রাত সোয়া নয়টার দিকে প্রথম দফায় অবরোধ তুলে নেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ আসে এবং মাত্র দুই মিনিট স্থায়ী হয়। এতে গ্রামবাসী আবারও ক্ষুব্ধ হয়ে পুনরায় মহাসড়কে টায়ারে আগুন লাগিয়ে অবরোধ করেন।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীকে বোঝালে রাত সোয়া ১০টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।মির্জাপুর পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সোহরাব হোসেন বিদ্যুৎ না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।