মির্জাপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল শনিবার শম্পা আকতার নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে গত শুক্রবার মিলি মমতাজ নামের এক নারীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
মির্জাপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার টাকিয়া কদমা দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর মেয়ে শম্পা (১৫) বরাটি গ্রামে এক আত্মীয়র বাড়িতে থেকে লেখাপড়া করত। বরাটি নরদানা বাংলাদেশ উচ্চবিদ্যালয়ে লেখাপড়ার সময় ওই বিদ্যালয়ের ছাত্র বরাটি গ্রামের জয়নাল মিয়ার ছেলে আসলাম মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের বিয়ে হয়।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে অগ্নিদগ্ধ শম্পাকে শ্বশুরবাড়ির লোকজন প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে শম্পার মৃত্যু হয়। পরে তার লাশ বরাটি গ্রামে শ্বশুরবাড়িতে নেওয়া হয়।
খবর পেয়ে বিকেলে হযরত আলী ওই বাড়ি গিয়ে শম্পার লাশ দেখতে পান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, শম্পার শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামীকে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
শম্পা গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন। গতকাল রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হযরত আলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
এদিকে মিলির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার একপর্যায়ে মিলি মমতাজের (২৫) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন স্বামী জাহেদ হোসেন। এতে মিলির পুরো শরীর পুড়ে যায়। মিলিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জাহেদ যায়যায়দিন পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি। এ বিষয়ে জাহেদ বলেন, মিলি গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।