মির্জাপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান
টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সহায়তায় এ অভিযান শুরু করে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন সুলতানার নেতৃত্বে সকাল ১০টার দিকে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যাতে ও উপজেলা সদরের বংশাই রোড এলাকায় অভিযান চালানো হয়। দিনব্যাপী অভিযানে তিতাসের টাঙ্গাইলের ব্যবস্থাপক মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক মোস্তফা মাহবুব ও প্রকৌশলী বরুণ কুমার রায় উপস্থিত ছিলেন।
এদিকে তিতাসের একটি সূত্র মির্জাপুরে ১৩টি বিতরণ লাইন থেকে ৮৫০টি অবৈধ সংযোগ দেওয়া হয়েছে দাবি করলেও প্রকৃত সংখ্যা প্রায় দুই হাজার বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, বছর খানেক আগে মির্জাপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া শুরু হয়; যা এখনো চলছে। প্রথম দিকে তিতাসের একজন ঠিকাদার ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত গ্রাহকপ্রতি আদায় করে উপজেলা সদরে অবৈধ সংযোগ দেন। এখন অন্য একজন ঠিকাদার প্রত্যন্ত গ্রামে ৫০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিচ্ছেন।