মির্জাপুরে ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে মিছিল-সমাবেশ
টাঙ্গাইলের মির্জাপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার প্রতিবাদে গ্রামবাসী মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলার কুড়ালিয়াপাড়া উচ্চবিদ্যালয়ে এই মিছিল ও সমাবেশ হয়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর জানান, সম্প্রতি ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় ওই ছাত্র ছাত্রীটির মুঠোফোনের নম্বর চায়। ছাত্রীটি তার নিজের নম্বর না দিয়ে বিদ্যালয়ের এক শিক্ষকের নম্বর দেয়। পরে ওই নম্বরে ফোন করলে তা ওই শিক্ষকের স্ত্রী ধরেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ছাত্রটিকে শাস্তি দেওয়া হয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েক দিন আগে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ওই ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ ঘটনায় কুড়ালিয়াপাড়া বাজারে ৯ অক্টোবর ওই ছাত্রের বাবা উপজেলার দেওড়া গ্রামের আবুল কালাম এলাকার ব্যবসায়ী মনির হোসেনের উপস্থিতিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত হোসেনকে দায়ী করেন এবং সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকারকে গালাগাল করেন।
এ ঘটনার প্রতিবাদে আবুল কালাম ও মনির হোসেনের বিরুদ্ধে গত রোববার স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্লাস বন্ধ রেখে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন। এ ছাড়া গতকাল সোমবার মনির হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন শ্যামল চন্দ্র সরকার।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক লিয়াকত হোসেন ও শ্যামল চন্দ্র সরকারের অপসারণ দাবি করে গতকাল সোমবার সকালে এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ছাত্র নির্যাতনের কথা অস্বীকার করে জানান, বিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।